চোট, দুই লাল কার্ড, হার: ঘরের মাঠে রিয়ালের বিভীষিকাময় রাত

ম্যাচ জুড়ে এলোমেলো ফুটবল খেলা রিয়াল মাদ্রিদ প্রথমেই ধাক্কা খেল এদের মিলিতাওকে হারিয়ে। পরে দলের দুজন মাঠ ছাড়লেন লাল কার্ড দেখে। এমন ম্যাচে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগও কাজে লাগাতে পারেনি শাভি আলোনসোর দল।

লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাব্যুতে রোববার রাতে সেল্তা ভিগোর কাছে ২-০ গোলে হেরে গেছে রিয়াল। অনেকটা সময় ১০ জন ও যোগ করা সময়ে কিছু সময় ৯ জন নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে বদলি নেমে দুটি গোলই করেন ভিলিয়ত।

২০০৬ সালের পর এই প্রথম রিয়ালের মাঠে জিতল সেল্তা। আর ২০১৪ সালের মে মাসের পর প্রথমবার লা লিগায় রেয়ালকে হারাতে পারল তারা, মাঝে জয়হীন ছিল ২২ ম্যাচে।

এই হারে বার্সেলোনার সঙ্গে চার পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ হারাল রিয়াল। ১৬ ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া মাদ্রিদের দলটি ৩৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন বার্সা। ১৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠে এসেছে সেল্তা।

ম্যাচে প্রায় ৫৮ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য রিয়ালের নেওয়া ২৩ শটের ৭টি ছিল লক্ষ্যে। আর ৭ শটের ৫টিই লক্ষ্যে ছিল সেল্তার। সেরা ছন্দে দেখা যায়নি কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়রদের।

ম্যাচের বয়স আধা ঘণ্টা হওয়ার আগেই প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইয়ে আঘাত পান এদের মিলিতাও। পরে তিনি মাঠ ছাড়েন দুই জনের কাঁধে ভর দিয়ে।

চোট কাটিয়ে ফিরতে না-ফিরতেই আবার ছিটকে গেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ২৪তম মিনিটে তার বদলি নামেন জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগার।

প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ নষ্ট করে। আর দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় সেল্তা। ৫৩তম মিনিটে বক্সের ভেতর বাঁ দিক থেকে সারাগোসার পাস পেনাল্টি স্পটের কাছ থেকে ব্যাকহিল ফ্লিকে জালে পাঠান অরক্ষিত সুইডিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিলিয়ত।

৬৪তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে ভিলিয়তকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আলভারো কারেরাস। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে কয়েক সেকেন্ড পর লাল কার্ড দেখেন এই ডিফেন্ডার। এসময় রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগো।

পরের মিনিটেই রিয়ালের দূর্বল রক্ষণের সুযোগ নিয়ে দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ভিলিয়ত। আরও একটি হতাশার ম্যাচ পার করে রিয়াল।

এ নিয়ে লা লিগায় সবশেষ ৫ ম্যাচে কেবল একটিতে জিততে পেরেছে রিয়াল। এমন ফর্ম নিয়ে আগামী বুধবার ঘরের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগে তারা ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে।