ফেসবুকে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা

রাজধানীসহ সারাদেশে গণভোটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুমুল আলোচনা চলছে। মধ্যরাত থেকে শুরু হয়েছে এক ধরনের “ডিজিটাল ভোটযুদ্ধ”— নিউজফিডজুড়ে ছড়িয়ে পড়েছে ‘হ্যাঁ’ বনাম ‘না’ পোস্টের প্রতিযোগিতা।

সূত্রে জানা যায়, গণভোটের বিপক্ষে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে “না” প্রচারণা শুরু করেছেন। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানকে ভিত্তি করে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘হ্যাঁ’ প্রচারণায় নেমেছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজের প্রোফাইলে “না” লিখে পোস্ট করেছেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজে “হ্যাঁ” পোস্ট করে তারা গণভোট সমর্থনের আহ্বান জানিয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নে নতুন গতি

একইদিন দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন,

“জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সংবিধান সংশোধনের জন্য ৪৮টি বিষয়ের ওপর জনগণের মতামত নিতে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে।

ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে,

“সংবিধানবিরোধী নয় এমন বিষয়গুলো দ্রুত সরকারি অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।”

এছাড়া আগামী জাতীয় সংসদ তার প্রথম ৯ মাসের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে বলেও জানানো হয়।